খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় শুরু হয়েছে ৪শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:১৬ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় শুরু হয়েছে ৪শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। সাতক্ষীরা জেলা প্রশাসনের  আয়োজনে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে  মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সদর ইউএনও অর্ণব দত্ত, জেলা বিএনপি’র আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল পর্যায়ের প্রতিনিধিগণ।
এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ১৫০টির অধিক  মনোহরি পণ্যের স্টল, লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা,  বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ২০ দিন ব্যাপী।  
মেলায় চাঁদাবাজি ও জুয়া বন্ধে প্রশাসনের পক্ষ থেকে আগেই নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গোটা সাতক্ষীরা শহর বিশেষ করে রাজ্জাক পার্ক এলাকাজুড়ে থাকবে নিরাপত্তার চাদরে মোড়ানো। এছাড়া সিসি ক্যামেরায় সার্বক্ষণিক তদারকি করার ব্যবস্থা রয়েছে।
প্রসঙ্গত,  করোনা পরিস্থিতির কারণে ২০১৯ ও ২০২০ সাল দুই বছর বন্ধ ছিলো এ মেলা। এর আগে ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচ মিনিটের ব্যবধানে শহরের রক্সি সিনেমা হল ও পলাশপোলস্থ জেলা স্টেডিয়ামের সার্কাস প্যান্ডেলে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এতে তিন জন নিহত এবং আহত হয় শতাধিক নারী ও পুরুষ। এরপর থেকে দীর্ঘ ৮ বছর এ মেলা বন্ধ ছিল। 
প্রতি বছর ৩১ ভাদ্র হিন্দু স¤প্রদায়ের সর্পদেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে বসতো এই মেলা। একই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতেন বিশ্বকর্মা পূজা। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে অংশ গ্রহণ করতেন। তবে এবারের মেলা নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন পরে শুরু হলো। এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। তবে এই ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা তার অতীত ঐতিহ্য হারিয়ে ফেলেছে। অতীত ঐতিহ্য ধরে রাখতে এখন শুধু নামেমাত্র গুড় পুকুর মেলার আয়োজন করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ