খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

নাইটক্লাবের ভাইরাল ছবি নিয়ে সাদের ‘অনুরোধে’ ওই নারী যা জানালেন

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৫৭ পি.এম | ০২ অক্টোবর ২০২৬

 

ফিফা আসিয়ান কাপে জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের শোচনীয় হারের পর নাইটক্লাবে উপস্থিতির ভাইরাল ছবি ঘিরে সৃষ্ট বিতর্কে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র। উভয় খেলোয়াড়ই দাবি করেছেন, ভাইরাল হওয়া ছবিটি ইন্দোনেশিয়ার কোনো নাইটক্লাবের নয়, বরং দুই মাস আগের নেপাল সফরের।

এর আগে জাকার্তার ম্যাচে ভরাডুবির পর এলেনা নামের এক ইন্দোনেশীয় তরুণী 'এক্স'-এ (সাবেক টুইটার) ফুটবলারদের সঙ্গে তোলা একটি ছবি ও ভিডিও পোস্ট করেন। বিতর্ক ছড়ানোর পর সাদের অনুরোধে ওই তরুণী পরবর্তীতে আরেকটি পোস্ট দিয়ে পুরো বিষয়টি স্পষ্ট করেন।

নতুন পোস্টে এলেনা লেখেন, "আমি বিষয়টি স্পষ্ট করতে চাই। ছবি ও ভিডিওটি দুই মাস আগের নেপাল সফরের, যেখানে পেশাদার ও চমৎকার কয়েকজন বন্ধুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। যদি আমার পোস্ট কোনো ভুল বোঝাবুঝি তৈরি করে থাকে তবে আমি দুঃখিত। ভ্রমণের সময় আমি মুহূর্তটি উপভোগ করি, তাই ছবিগুলো দেরিতে পোস্ট করা হয়েছিল।"

সাদ উদ্দিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে, সত্য প্রকাশের স্বার্থে তিনিই ওই তরুণীকে দ্বিতীয় পোস্টটি করার অনুরোধ জানিয়েছিলেন। সাদ ও সোহেল রানা জানান, মোহামেডান স্পোর্টিং ক্লাবে চুক্তি স্বাক্ষরের পর এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে তারা নেপাল ভ্রমণে গিয়েছিলেন। সেখানেই এলেনার সাথে তাদের প্রথম সাক্ষাৎ ও ছবি তোলা হয়।

পরবর্তীতে জাকার্তায় পৌঁছানোর পর সাদ তাঁকে স্টেডিয়ামে এসে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে তিনি মাঠে আসেননি। ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন সোহেল রানা জুনিয়র। তিনি জানান, পরিস্থিতি যেভাবে উপস্থাপিত হয়েছে তা সঠিক হয়নি। অন্যদিকে পেশাদার খেলার বাইরে খেলোয়াড়দের ব্যক্তিস্বাতন্ত্র্যের বিষয়টিতে জোর দিয়েছেন সাদ উদ্দিন, "ক্যাম্প বা জাতীয় দল ও ক্লাবের ম্যাচ যখন থাকে না, তখন ফুটবলারদেরও একটা ব্যক্তিগত জীবন থাকে। ঘটনার পেছনের প্রেক্ষাপট এবং আগের বিষয়গুলোও বিবেচনা করা উচিত।"

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে তিন ম্যাচে তিন পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরপরই ঘটনাটি সামনে আসে। 

প্রিন্ট

আরও সংবাদ