খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা জেলা কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৩ পি.এম | ০২ অক্টোবর ২০২৬


সাতক্ষীরা জেলা কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শেষে নবনির্বাচিত কমিটির কাছে নির্বাচনের ফলাফল ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা চেম্বার অব কমার্সের অফিস কক্ষে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এডহক কমিটির কাছে নির্বাচনের ফলাফল শিট হস্তান্তর করা হয়। পরে এডহক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করে।
প্রধান নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু নবনির্বাচিত কমিটির উপস্থিতিতে এডহক কমিটির কাছে ফলাফল শিট হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ  এডহক কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ রওশন আলী, সাধারণ সম্পাদক পদে মোঃ রজব আলী খাঁ, সহ-সভাপতি পদে ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে আখতারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক পদে আনারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে আবু রায়হান, মহিদুল ইসলাম ও খায়রুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ সময় এডহক কমিটির সদস্য আব্দুল ওহাব, হযরত আলী, আশরাফ আলী, আমিনুর রহমান, ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার নাসিম ফারুক খান মিঠু বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থে নবনির্বাচিত কমিটি সমিতির কার্যক্রম আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুজ্জামান মুকুল ও সাংবাদিক রুহুল কুদ্দুস। 
উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

প্রিন্ট

আরও সংবাদ