খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

জামায়াত নেতার বাসা থেকে ১৮ বস্তা সার জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ০৩ অক্টোবর ২০২৬


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাঁর দলীয় পদ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অর্থদণ্ড পাওয়া মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) ও উপজেলার ধোপাকান্দি গ্রামের আবদুর রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত একটার দিকে একটি অটোরিকশায় কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান। অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ৫০ কেজি ওজনের ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। তিনি একজন ডিলারের কাছ থেকে ইউরিয়া সারগুলো নিয়ে তাঁর বাসায় মজুত করে রেখেছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল মামুন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ইউরিয়া সারগুলো জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সার মজুত করে রাখার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, আইন লঙ্ঘন করেই তিনি ইউরিয়া সারগুলো মজুত করেছিলেন। যে কারণে জেলা জামায়াতের জরুরি সভা ডেকে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির (২) মনিরুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে। যেকোনো অবৈধ কর্মকাণ্ড জামায়াতে ইসলামী সমর্থন করে না।’

প্রিন্ট

আরও সংবাদ