খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ঘাতক আটক

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৩৩ এ.এম | ০৪ অক্টোবর ২০২৬


বটিয়াঘাটায় ছেলের আঘাতে সুচিত্রা বর্মন (৫৫) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে ।  ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শনিবার সকাল ১০টায় চক্রাখালী বাজার এলাকা  ছেলে মৃত্যুঞ্জয় বর্মন (২৮) কে আটক করেছে। 
মৃত সুচিত্রা উপজেলার  জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের  সুখলাল বর্মনের স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং শনিবার সুরতহাল রিপোর্ট তৈরি করতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, ঘাতক ছেলে মৃত্যুঞ্জয় বর্মন বিভিন্ন সময় নানা অজুহাতে তার পিতা ও মাতাকে শারীরিকভাবে নির্যাতন ও মারপিট করে আসছিল।তারই ধারাবাহিকতায় গত শুক্রবার মোটরসাইকেল কেনার জন্য পরিবারের নিকট ৪ লক্ষ টাকার দাবিতে মারপিট করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং পলাতক থাকে। ওই দিন রাতে মা সুচিত্রা মারা যান। এ খবর এলাকায় ছয়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এ ব্যাপারে থানা পুলিশ জানিয়েছে ছেলে মৃত্যুঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ