খুলনা | রবিবার | ০৪ অক্টোবর ২০২৬ | ১৯ আশ্বিন ১৪৩৩

আখতারুজ্জামানের রায়কে কেন্দ্র করে আদালতে দুপক্ষের আইনজীবীদের হাতাহাতি

খবর প্রতিবেদন |
০৫:৪২ পি.এম | ০৪ অক্টোবর ২০২৬


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মেজর (অব:) আখতারুজ্জামানের রায়কে কেন্দ্র করে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলের দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দফায় দফায় হাতাহাতিতে জড়ান দুপক্ষের আইনজীবীরা।

এর আগে একদিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হয়। এ সময় এজলাসকক্ষে অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের আইনজীবীরা। এমতাবস্থায় বিচারক এজলাস থেকে নেমে যান। কয়েক মিনিট চলে এই ধাক্কাধাক্কি। পরে রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সবাইকে অনুরোধ করেন।

২টা ৪৫ মিনিটে বিচারক পুনরায় এজলাসে উঠলেই আখতারুজ্জামান তাকে উদ্দেশ করে বলেন, ১০ জন আইনজীবী আমার পক্ষ থেকে শুনানি করবে তার অনুমতি চাই। এ সময় তার গলার সুর ভাঙা শোনা যায়। যদিও শুনানি শেষে আখতারুজ্জামান জামিন নামঞ্জুরের আদেশ শুনে এজলাসে দাঁড়িয়ে ‘আল্লাহু আকবার’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত আইনজীবীরা তাকে থেমে যেতে বলেন।

এদিকে আদালতে আখতারুজ্জামানের জামিন শুনানির সময়কার আইনজীবীদের মধ্যকার ধাক্কাধাক্কি বাগ্‌বিতণ্ডা গড়ায় আদালতের নিচ পর্যন্ত। শুনানি শেষে সিএমএম কোর্টের সামনের রাস্তায় বিএনপি এবং জামাতপন্থি আইনজীবীদের হট্টগোল এবং ব্যাপক ধাক্কাধাক্কি চলে কয়েক মিনিট। পরে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের চেষ্টায় একপর্যায়ে নিয়ন্ত্রণে আসে।

প্রিন্ট

আরও সংবাদ