খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

রুয়েলের ৫ উইকেট, জয়ের সেঞ্চুরি ফলো অনে বরিশাল

দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে খুলনা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৫ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের প্রথম ম্যাচেই দ্বিতীয় দিনে ব্যাটে-বলে দাপট দেখিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন পেসার রুয়েল মিয়া। তবে তার বোলিং সাফল্যও আড়াল হয়ে গেছে বরিশালের ব্যাটিং বিপর্যয়ে। মাত্র ৯৪ রানে গুটিয়ে গেছে দলটি। 
ব্যাট হাতে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ার পর বল হাতে বরিশালকে প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে অলআউট করেছে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই বরিশাল। দিন শেষে ২ উইকেটে ৪৩ রান তুলেছে দলটি। ইনিংস হার এড়াতে এখনো তাদের প্রয়োজন ২৮৯ রান।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ৫ উইকেটে ৩২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল স্বাগতিকরা। দিনের শুরুতেই কালাম সিদ্দিকী ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় খুলনা। কালাম ১৬৮ বলে ৬ চারে ৯২ রান করে ইফতেখার হোসেন ইফতির বলে বোল্ড হন। মিঠুনও ছিলেন তিন অঙ্কের খুব কাছে। ১২৬ বলে ১২ চারে ৮৯ রান করে তাকে ফেরান রুয়েল মিয়া। আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা আফিফ হোসেন আরও ৪ রান যোগ করে আউট হন। নুরুল হাসান সোহান করেন ৪৭ রান। শেষ পর্যন্ত ৪২৬ রানে থামে খুলনার প্রথম ইনিংস। এরপর বরিশালের ব্যাটিংয়ে নামে ধস। খুলনার বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বেশির ভাগ ব্যাটার। পাঁচজনই রানের খাতা খোলার আগেই ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ইফতেখার। জাওয়াদ আবরার ১২ ও শহিদুল ইসলাম করেন ১০ রান। শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় বরিশাল। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বিপদ কাটেনি বরিশালের। ৪৩ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। জাওয়াদ শূন্য এবং ইফতেখার ১ রান করে আউট হয়েছেন। রাফসান আল মাহমুদ ২৬ ও মোহাম্মদ সালমান ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ইনিংস হার এড়াতে তাদের সামনে এখন কঠিন লড়াই। আর খুলনার সামনে অপেক্ষা করছে দ্বিতীয় দিনেই পাওয়া দারুণ সুযোগটাকে জয়ে রূপ দেওয়ার পালা। ২৮৯ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিন শুরু করবে বরিশাল। 

প্রিন্ট

আরও সংবাদ