খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট

খুলনা অঞ্চলের প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে নড়াইলের ‘দুরন্ত’ মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৫ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


সকালে অলিখিত সেমিফাইনাল, আর বিকেলে আঞ্চলিক ফাইনাল, একই দিনে দুই ম্যাচের ক্লান্তি ছুঁতে পারল না নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমিকে। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা অঞ্চলের প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্ব বা কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। রংপুর থেকে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি ও রাজশাহী থেকে বগুড়ার রক্সি ফুটবল একাডেমির পর টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে চূড়ান্ত পর্বের টিকিট পেল দুরন্ত।
খুলনা জেলা স্টেডিয়ামে রোববার (৪ অক্টোবর) বিকেলে আঞ্চলিক ফাইনালে দুরন্ত’র মেয়েদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাই পেয়ে সরাসরি ফাইনালে খেলা কুষ্টিয়া ফুটবল একাডেমির মেয়েরা। ৭০ মিনিটের লড়াইয়ে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দুরন্ত। দ্বিতীয়ার্ধে তারা আরও তিন গোল যোগ করে। ৫-০ হওয়ার পর কুষ্টিয়ার মিম আক্তার একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নড়াইলের দুরন্ত। ফাইনালে হ্যাটট্রিক করেছেন দুরন্তর ফরোয়ার্ড পূর্ণিমা রানী মন্ডল। দলের তৃতীয়, চতুর্থ ও সপ্তম গোলটি করে এই টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি নিজের নামে লেখান তিনি। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফিফা রেফারি এহসানুল হক, যিনি দু’টি ম্যাচে ম্যাচ কমিশনারের দায়িত্বও পালন করেন।
এর আগে দিনের সূচনাটাও দুরন্ত মেয়েরা করেছিল দারুণ ছন্দে। সকালে অলিখিত সেমিফাইনালে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারায় দুরন্ত। সেই ম্যাচের সেরা খেলোয়াড় হন ফরোয়ার্ড মুন্নি, যিনি দলের প্রথম দু’টি গোল করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। মুন্নির হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার আফঈদা খন্দকার। 
টুর্নামেন্ট কমিটির সদস্য প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা ভালো খেলবে এবং বাংলাদেশ দলে খুলনার আফঈদার মতো আরও মেয়েরা সুযোগ পাবে এই আশা করি।’ খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী এমন আায়োজনের প্রশংসা করেন। ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল।  উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহ আসিফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় খুলনার মেয়ে শারমিন রুপা, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল প্রমুখ। খুলনা জেলা স্টেডিয়ামে সোমবার এ অঞ্চলের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। দিন শেষে পাওয়া যাবে খুলনা অঞ্চলের দ্বিতীয় দল, যারা চূড়ান্ত পর্বে পা রাখবে।
 

প্রিন্ট

আরও সংবাদ