খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, ২ ক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় মাদক কেনাবেচার অভিযোগে মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়সংলগ্ন ও পার্শ্ববর্তী ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গাঁজা কিনতে আসা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 
মাদক বিক্রেতা দুই ভাই অভিযুক্ত ফজর আলী ও আইয়ুব আলী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ ফটিক ফকিরের ছেলে। এদিকে মাদক কিনতে এসে জনতার হাতে আটক দুই যুবক হলেন, সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের তপন সরকার (২৭) ও দৌলতপুর গ্রামের সাগর সরকার (২৩)। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন। পুলিশ তাদের কাছ থেকে গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফজর আলী ও আইয়ুব আলী দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। শুক্রবার সন্ধ্যায় দুই যুবক মালীর মোড়সংলগ্ন এলাকায় গাঁজা কিনতে এলে স্থানীয়দের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভালুকা চাঁদপুর গ্রামের খুরশিদ আলম নামের এক ব্যক্তিকে টর্চলাইটের আলো দেখানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জের ধরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ২ থেকে ৩শ’ লোক সংগঠিত হয়ে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এতে ঘরবাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুনের দাবি, রাস্তায় তুচ্ছ বিরোধের জেরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘর থেকে নগদ টাকা ও মালামাল লুটপাটেরও অভিযোগ করেন। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, গাঁজা কিনতে এলে স্থানীয় জনতা দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরির্দশক তদন্ত মোঃ শাহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুই মাদক ক্রেতার নামে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আসামীদেরকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ