খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় মামলা

প্রধান আসামিকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৭ এ.এম | ০৫ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মোঃ শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে কিশোর গ্যাং এর নেতা নাহিদ হাসানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মুহিদ হাসান বনি নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। 
মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে নাহিদ হাসান, ফিরোজ উদ্দিনের ছেলে মুহিদ হাসান বনি, তার ভাই জাকির হোসেন রণি, সিরাজুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম, আবুল হোসেন ওরফে বড় খোকার ছেলে ছোট ময়না, রবিউল ইসলামের ছেলে মোঃ জুয়েল, মোঃ হাসানের ছেলে সাগর, আশাশুনি বুডাখারআটি গ্রামের আবু হেনা শাকিল এর ছেলে সামি, শহরের কাঠিয়া এলাকার জমিদার মুন্সির ছেলে মোঃ নাঈম, নজরুল ইসলাম সরদারের ছেলে রাশিদুজ্জামান রাশেদ, মোঃ মিঠুর ছেলে হুজাইফা ও মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।
নিহত জাকারিয়া খানের ফুফাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন বলেন, তার মামাত ভাই জাকারিয়া হতাকান্ডে থানায় যে মামলা করা হয়েছে তা সিসি টিভি দেখেই করা হয়েছে। এখানো নাহিদ বা কাউকে ঘটনার সঙ্গে জড়িত না থাকার কথা বলার সুযোগ নেই। নাহিদকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। 
এদিকে জাকারিয়াকে ছুরিকাঘাতে হত্যা ছাড়াও ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা দাখির মাদ্রাসার সুপার মোঃ রমজান আলীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় তার ভাইয়ের দায়েরকৃত মামলার প্রধান আসামি নাহিদ হাসান। চলতি বছরের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিও  নাহিদ হাসান। এ ছাড়া শহরতলীর বাঁকাল ইসলামপুর চর এলাকার এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও কুপিয়ে হতার চেষ্টাকারি এই নাহিদ। এ ছাড়া নাহিদের বিরুদ্ধে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ৪৭ নং মামলা ও ২০২২ সালের ২৯ এপ্রিল ৮৮নং মামলা রয়েছে। যাবর্তমানে  বিচারাধীন।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, রোববার সকালে বনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।
প্রসঙ্গত. শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে কদম গাছ তলার নিচে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করে। এ সময় তাকে বাঁচাতে যেয়ে ছুরিকাঘাতে জাকারিয়া গুরুতর আহত হন। মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
 

প্রিন্ট

আরও সংবাদ