খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চায় পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪১ পি.এম | ০৫ অক্টোবর ২০২৬


২০২৭ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চায় পাকিস্তান। সিরিজটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে।

এদিকে ভারতের বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া সিরিজটি আগামী জানুয়ারিতে আয়োজন করা যাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ। ওই সিরিজের সূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফলে জানুয়ারিতে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি কেমন হবে, তা এখনো নির্ধারিত হয়নি। ভারত সিরিজ পুনঃনির্ধারণ করা হলে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিতেও পরিবর্তন আসতে পারে।

চলতি বছরের মার্চেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে অনুষ্ঠিত হওয়া সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। জানা গেছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতেই মূলত বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় পাকিস্তান।

এই ব্যাপারে অবশ্য এখনো কিছুই আনুষ্ঠানিকভাবে জানায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজটি পাকিস্তানের মাটিতে হবে নাকি বাংলাদেশের মাটিতে হবে সেই ব্যাপারেও কিছুই জানা যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ