খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে খালিশপুরে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০৩:২৬ পি.এম | ০৫ অক্টোবর ২০২৬


মহামারী ডেঙ্গু প্রতিরোধে খুলনা নগরীর খালিশপুরে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

রোববার (৪ অক্টোবর) খালিশপুর ১০নং ওয়ার্ডের নয়াবাটী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের প্রধান পৃষ্ঠপোষকতায় শতাধিক পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীম বলেন, আমার একটি স্বপ্ন আছে। আমার স্বপ্নটা কোনো বড় অট্টালিকা বা বিত্ত-বৈভবের নয়। আমার স্বপ্ন হলো, আমার খুলনাসহ খালিশপুরের কোনো ঘরে যেন অভুক্ত মানুষ না থাকে, কোনো শিশু যেন চিকিৎসার অভাবে কাঁদে না। তিনি আরো বলেন, নাহিয়ান ফাউন্ডেশন কোনো এনজিও অথবা সাহায‍্য সংস্থা নয়, এটি সম্পূর্ণ পারিবারিক অর্থায়নে পরিচালিত একটি স্বেচ্ছাসেবা মূলক প্রতিষ্ঠান, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের জন্য সবসময় কিছু না কিছু করে আসছি। মশারি বিতরণ হয়তো ছোট একটি উদ্যোগ, কিন্তু আমার স্বপ্ন অনেক বড়। আমি স্বপ্ন দেখি, একদিন এই ফাউন্ডেশন খুলনা সহ খালিশপুরের প্রতিটি অসহায় নারীর কর্মসংস্থানের ঠিকানা হবে, প্রতিটি দরিদ্র মেধাবী শিক্ষার্থীর শিক্ষার আলো হবে। আমি এমন একটি নগরী গড়তে চাই, যেখানে মানুষ মানুষের জন্য ছুটে আসবে। আপনারা আমার পাশে থাকলে, এই স্বপ্ন একদিন সত্যি হবেই, ইনশাআল্লাহ।

কেসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্নার সার্বিক সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবক এ এম নাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, প্রচার সম্পাদক ফাতেমা জ্যোতি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুমানারা মুন্নি, শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন আরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই কালু, ওয়ার্ড বিএনপি সদস্য শামসুজ্জোহা ডিয়ার, খালিশপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ এলাকার শতাধিক দরিদ্র পরিবারের মাঝে মশারি তুলে দেন।

প্রিন্ট

আরও সংবাদ