খুলনা | সোমবার | ০৫ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

ইউক্রেন যুদ্ধে যুবকের মৃত্যু: পাচারে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করলেন স্বজনেরা

খবর প্রতিবেদন |
০৪:৪৪ পি.এম | ০৫ অক্টোবর ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশে লোক পাঠানো ও রাশিয়ায় যুদ্ধে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মো. বাবুল আক্তার (৩৫) নামে এক প্রবাসীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল আক্তার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন। পাশাপাশি বিদেশে লোক পাঠানোর কাজেও যুক্ত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির, কটাসহ কয়েকজন কথা আছে বলে বাবুলকে ডেকে নিয়ে যান। পরে কলমোগাড়া এলাকায় নিয়ে তাঁর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল আক্তার এলাকার এক যুবককে রাশিয়ায় পাঠিয়েছিলেন। সেখানে ওই যুবক যুদ্ধে গিয়ে মারা যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হলেও বিরোধ থেকে যায়।

ওসি আরও জানান, ওই বিরোধের জের ধরে রাশিয়ায় মারা যাওয়া যুবকের বাড়ির লোকজন বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রিন্ট

আরও সংবাদ