খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২০ আশ্বিন ১৪৩৩

ছেলেকে খুনের ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক ও রূপসা প্রতিনিধি |
০৮:১২ পি.এম | ০৫ অক্টোবর ২০২৬


ছেলে জয় ঢালীকে খুন করার ৫০ দিন পর বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল শহীদের মোড়ল ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার মতলব ঢালীর ছেলে। তিনি ছেলে হত্যা মামলার বাদী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে আক্তার ঢালীসহ আরও কয়েকজন বৃদ্ধ বাড়ির পাশে কাঠের তৈরি বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩-৪টা মোটরসাইকেলযোগে ৭-৮ জন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় খুব কাছ থেকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে মরদেহ প্রেরণ করা হয়।

স্থানীয় একটি সূত্র আরও জানায়, চলতি বছরের ১৫ আগস্ট রাতে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় জয় ঢালীকে গলা কেটে ও গুলি করে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনায় জয় ঢালীর বাবা আক্তার ঢালী বাদী হয়ে মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের এক মাস ২০ দিন পর বাড়ির পাশে তার বাবাকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আসছে। সেগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

এর আগে ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত যুবক দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে জয় ঢালী দুর্জনীমহলের শহিদের মোড়ে লিটুর দোকানে আড্ডা দিচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে এসে তার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর ওই যুবকদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে আঘাত করে। আঘাতে যুবক মাটিতে পড়ে গেলে তাকে গলাকেটে হত্যা করা হয়। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্রটি আরও জানায়, তাদের নিজস্ব একটি ঘের রয়েছে। সেই ঘেরের দেখাশুনার কাজ করতেন জয় ঢালী। খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্যও ছিল সে। গত কয়েকদিন আগেও তাদের মধ্যে বিরোধ বাধে। এরপর থেকে তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। শনিবার রাতে সেই সুযোগে দুর্বৃত্তরা তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে।

রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই উজ্জ্বল বলেন, রাতে সংবাদ পেয়ে শহিদের মোড়ে এসে জয় ঢালীর মরদেহ উদ্ধার করা হয়। রাতে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনার জেলার তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক বি কোম্পানির সদস্য ছিল। তার নামে রূপসা থানায় মারামারিসহ ৭টি মামলা রয়েছে। অন্তঃদ্ব›েদ্বর জের ধরেই বি কোম্পানির সদস্যরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যার নেপথ্যের কারণ সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ