খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

নিচ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

শার্শায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

শার্শা (যশোর) প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষে শার্শা থানা পুলিশের উদ্যোগে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় থানা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারণ সার্কেল, যশোরের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
তিনি বলেন শারদীয়া দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শার্শা থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে বা অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্য নাথ দাস ও সাধারণ সম্পাদক নীল কুমার সিংহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার সিংহ ও সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এবং পূজা উদযাপন কল্যাণ ফান্ডের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক শম্ভু পাল। এছাড়া শার্শা থানার আওতাধীন ২৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অংশ নেন।
এসময় প্রতিটি পূজা মন্ডপে বাধ্যতামূলকভাবে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শার্শা থানা পুলিশ কঠোর ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানান থানা কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম বা স্থানীয়ভাবে যেকোনো ধরনের উস্কানিমূলক অপপ্রচারে কান না দেওয়ার জন্য পূজো মন্ডপ কমিটিকে অনুরোধ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ