খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৪ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সর্বোচ্চ ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। 
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত ডেঙ্গু রোগী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় নাসিমা খান চৌধুরী নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সা¤প্রতিক সময়ে সাতক্ষীরায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার ঘটনা চলতি সময়ের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে। অক্টোবরের প্রথম পাঁচ দিনে ১০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় জেলায় ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরায় মোট ৭৩৩ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৪৯ জন রোগী। এসময় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ১৮জন রোগীকে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নাসিমা খান চৌধুরী নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদরের হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন। সদর হাসপাতালে ১ জন। এছাড়া শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন,তালায় ৪ জন এবং বেসরকারি হসপাতালে ৭ রোগী ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত সর্বাধিক ৩০৮ জন রোগী ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সদর হাসপাতালে ১১২ জন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন, তালায় ৭২ জন, কালিগঞ্জে ৩৭, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 
বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধিক ২৫ জন, সদর হাসপাতালে ৪ জন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, কালীগঞ্জে ৫ জন, কলারোয়ায় ৪ জন, শ্যামনগরে ৯ এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং বেসরকারি প্রতিষ্ঠানে ৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার দেবহাটা উপজেলার কুলিয়া এলাকার নাসিমা খান চৌধুরী নামে এক নারীর মৃত্যু হয়েছে।
ডাঃ জয়ন্ত কুমার সরকার আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো খুবই জরুরি। বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়ার পাশাপাশি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এছাড়া বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। তিনি আরও বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৪ ঘণ্টা আগে