খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

মোংলায় টোয়াসের সংবাদ সম্মেলন

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার খবর কাল্পনিক

মোংলা প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় দেশি-বিদেশি পর্যটকবাহী বিলাসবহুল জাহাজে সশস্ত্র ডাকাতির চেষ্টার খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও কাল্পনিক বলে দাবি করেছে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)। সংগঠনটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত এই ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার বিকেল ৫টায় মোংলা প্রেসক্লাবের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টোয়াসের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল। তিনি গণমাধ্যমের একাংশের দায়িত্বহীনতার সমালোচনা করে বলেন, গত শনিবার রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় দেশি-বিদেশি প্রায় ৯৭ জন পর্যটক নিয়ে ‘দি ওয়েভ-২’ এবং ‘আরালসী’ নামে দু’টি পর্যটকবাহী জাহাজ নোঙর করা ছিল। ওই সময় একদল ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে জাহাজ দু’টিতে হানা দিয়ে ডাকাতির চেষ্টা চালায় এবং পরে বন বিভাগের কড়া নজরদারি ও প্রচেষ্টায় সেই ডাকাতি চেষ্টা ব্যর্থ হয় বলে কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে খবর প্রচার করা হয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি এমন কোনো অনাকাক্সিক্ষত বা আতঙ্কজনক ঘটনাই সেখানে ঘটেনি।
শীর্ষ নেতৃবৃন্দ দাবি করেন, টোয়াস নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে বা জাহাজে এ ধরনের কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে তারা সুন্দরবন বন বিভাগের সর্বোচ্চ মহলের সাথে যোগাযোগ করেছেন এবং বন বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ একটি গুজব। মূলত আসন্ন পর্যটন (ট্যুরিজম) মৌসুমকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও একটি স্বার্থান্বেষী, হিংসাপরায়ণ ও দুষ্কৃতকারী মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মাঠে নেমেছে। পর্যটকদের মনে অযথা ভয় ও আতঙ্ক সৃষ্টি করে এই শিল্পকে ধ্বংস করতেই এই ধরণের অপপ্রচার চালানো হচ্ছে। সুন্দরবনের পর্যটন খাত সম্পূর্ণ নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবে বলে তাঁরা দেশি-বিদেশি পর্যটকদের আশ্বস্ত করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে টোয়াস নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এই ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ দ্রুত প্রত্যাহার করে দুঃখ প্রকাশের জোর আহবান জানান। একই সাথে যে কোনো সংবাদ প্রকাশের আগে মাঠ পর্যায়ের সঠিক তথ্য এবং সংবাদের নির্ভরযোগ্য সূত্র যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে মোংলাসহ এর পার্শবর্তী এলাকার সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, ভুল তথ্যে সংবাদ প্রকাশ হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হয় এবং বিশ্বের দরবারে সুন্দরবনের সুনাম নষ্ট হয়। 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টোয়াসের কার্যকরী সভাপতি মোঃ আল আমিন (লিটন), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম, সদস্য মোঃ ইমাদুল হাওলাদার এবং সদস্য সৈয়দ সাহরিয়ার তাকিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাধারণ সদস্য ও মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৪ ঘণ্টা আগে