খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫৬ এ.এম | ০৬ অক্টোবর ২০২৬


যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে আহত মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়ির গোয়ালঘরে তিন ব্যক্তিকে দেখতে পান বাড়ির লোকজন। অভিযোগ রয়েছে, তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করছিলেন। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দু’জন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙার চেষ্টা করতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধাওয়া করে একজনকে আটক করেন। অন্য দু’জন পালিয়ে যান। ইদ্রিস আলীর দাবি, এক বছর আগেও তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ

আঞ্চলিক

প্রায় ১৩ ঘণ্টা আগে