খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

রামপালে প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০২:৪৭ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬


রামপাল উপজেলার কদমদী বামনডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিয়মিত ও যথাযথভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন না। এছাড়া শিক্ষার্থীদের ব্যবহারের জন্য থাকা টয়লেটের মান নিম্নমানের এবং তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা সফরের মতো সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশ ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রধান শিক্ষক হিসেবে একজন পুরুষ শিক্ষক এবং আরও একজন পুরুষ সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানান। একই সঙ্গে বর্তমান প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে মানববন্ধনের খবর পেয়ে অভিযোগের বিষয়গুলো সরেজমিনে তদন্ত করতে রামপাল উপজেলা শিক্ষা অফিসের একটি প্রতিনিধি দল বিদ্যালয়ে উপস্থিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম ও সরোজ কুমার রায় ঘটনাস্থলে গিয়ে অভিযোগগুলো খতিয়ে দেখেন।

তদন্ত শেষে শিক্ষা অফিসের কর্মকর্তারা অভিযোগের কয়েকটি বিষয় সত্যতা পেয়েছেন বলে জানান। তদন্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ