খুলনা | মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

হাতকড়া খুলে দ্বিতীয়বার পালালেন হত্যা মামলার আসামি

খবর প্রতিবেদন |
০৪:৩২ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬

 

আদালত থেকে হাতকড়া খুলে দ্বিতীয়বারের মতো পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম শরিফুল ইসলাম। এদিন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

এর আগে গত বছরের জুনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার সময় পুলিশকে মারধর করে পালিয়ে যান শরিফুল।

আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল। সেদিনই হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে তোলা হয়।

এদিন সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। তখন শরিফুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

প্রসঙ্গত, গত এক বছরে পুলিমের হেফাজত থেকে পালিয়েছেন ১৬ জন আসামি। এর মধ্যে সম্প্রতি ঢাকা জেলা জজ কোর্ট থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থামিয়ে নাটকীয় কায়দায় পালিয়ে যান ৩০ মামলার আসামি পিচ্চি রাজা।

এ ঘটনা দেশব্যাপী ব্যাপক সৃষ্টি করে। পিচ্চি রাজাকে পালাতে সাহায্য করার অভিযোগে ইতোমধ্যে পুলিশের দুজন সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তও চলছে।

প্রিন্ট

আরও সংবাদ