খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:৫৭ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬

 

দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে খুলনায় তিনজন, বরিশালে দুজন, ঢাকা বিভাগে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় একজন এবং রাজশাহীতে একজন চিকিৎসাধীন ছিল।

চলতি বছর মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গুতে মারা গেছে। অক্টোবরের প্রথম কয়েক দিনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৯৬ জনের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালে ১৯৪ জন এবং ডিএসসিসি এলাকার হাসপাতালে ১৮৭ জন ভর্তি হয়েছে। ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮০ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা বিভাগে—৩০২ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪২, রাজশাহীতে ১৯৯, বরিশালে ২০৩, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ এবং সিলেট বিভাগে ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪ হাজার ২৯৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৭৭৬ জন।

প্রিন্ট

আরও সংবাদ