খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির

খবর প্রতিবেদন |
০৫:১৭ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬

 

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুল এবং সরাসরি আভা বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে।’

হুথি মুখপাত্র আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতিও সতর্কবার্তা দিয়েছেন।

সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে উলে­খ করে তিনি বলেন, ‘সৌদি আকাশসীমায় ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার পরিণতি সম্পর্কে আমরা বিশ্বের সকল বিমান সংস্থাকে আবারও সতর্ক করছি, কারণ এটি আমাদের সামরিক অভিযানের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।’

তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে আভা বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা বিমান চলাচল কতটা ব্যাহত হয়েছে— তা এখনো স্পষ্ট নয়।

গতকাল সোমবারও হুথিরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে।

হুথিদের দাবি অনুযায়ী, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান এলাকাতেও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেখানে সৌদি সামরিক বাহিনীর একটি অবস্থানকে লক্ষ্য করে চালানো এই হামলায় সৌদি বাহিনীর বহু সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

এদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী বাব আল-মান্দাব প্রণালির আশপাশের হুথি নিয়ন্ত্রিত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখলের অভিযান শুরু করেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করছে হুথিরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর নতুন অভিযান এবং হুথিদের পাল্টা হামলার ফলে অঞ্চলটিতে কয়েক বছরের তুলনাম‚লক স্থিতিশীলতার পর আবারও বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে।

এদিকে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা নিয়ে মিত্র দেশগুলোর মধ্যেও তৎপরতা বাড়ছে। গতকাল সোমবার ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর আওতায় সৌদি আরবে সেনা মোতায়েন ও অন্যান্য সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান।

এর আগে জুলাইয়েও হুথিরা আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল। নতুন করে আভা বিমানবন্দরকে লক্ষ্য করার দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে।
সূত্র: আনাদোলু, রয়টার্স

প্রিন্ট

আরও সংবাদ