খুলনা | শনিবার | ২৪ অক্টোবর ২০২৬ | ৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৯ পি.এম | ০৬ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খানের হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক  দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা, সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে  সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। 
মানববন্ধন চলাকালে “আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” এমনই ক্ষোভ আর শোকের শ্লোগানে মুখরিত হয়ে উঠেছিল প্রেসক্লাবের সামনের সড়ক। শোকাহত পরিবার ও কলেজের সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রাণিসম্পদ হাসপাতালের পাশে একটি চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের মধ্যে বাক্বিতন্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী জাকারিয়া খান তা দেখে ঝগড়া থামাতে ও মারামারি প্রতিহত করতে এগিয়ে যান। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় ও শেল্টারে সাতক্ষীরায় এই কিশোর গ্যাং গড়ে উঠেছে এবং তারা নানা ধরনের অপকর্ম চালিয়ে আসছে। অবিলম্বে জাকারিয়া হত্যার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ সকল আসামিকে গ্রেফতার ও ফাঁসির রায় নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একইসাথে সাতক্ষীরা থেকে সকল কিশোর গ্যাং সদস্যদের নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সাধারণ শিক্ষার্থী ও স্বজনেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ