খুলনা | বুধবার | ০৭ অক্টোবর ২০২৬ | ২১ আশ্বিন ১৪৩৩

নড়াইলে ডাকাতিসহ ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ০৭ অক্টোবর ২০২৬


নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল­ার ছেলে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরাফাতের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে আরাফাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তাঁরা মাদক সংক্রান্ত বিরোধের বিষয়টি অস্বীকার করেন।
ওসি মোঃ হোসেন আলী আরও জানান, আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ববিরোধ ও মাদক বেচাকেনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজনের হাতে আরাফাত মোল্লা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করছে না। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
 

প্রিন্ট

আরও সংবাদ