খুলনা | বৃহস্পতিবার | ০৮ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

দুর্নীতি ও নিম্নমানের কাজে কড়া হুঁশিয়ারি

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরনের সুপারিশ

খবর প্রতিবেদন |
০১:২৭ এ.এম | ০৮ অক্টোবর ২০২৬


নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের ভূঁইয়া, এমপি। সভাপতির বিশেষ আমন্ত্রণে বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের ক্রীড়াঙ্গণের উন্নয়ন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ গ্রহণ করা হয়। এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের আওতায় আনা এবং উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের জোর তাগিদ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে কমিটি। সেই সঙ্গে নারী ক্রীড়াবিদদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়।
দুর্নীতি ও নিম্নমানের কাজে কড়া হুঁশিয়ারি : মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি ও কঠোর মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিটি।
কমিটির সভাপতি তার বক্তব্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ বৈঠকে কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তর প্রধানদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম এবং সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, এড. মোঃ জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মোঃ ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) ও মোঃ আতাউর রহমান অংশ নেন। এছাড়া বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ ঊধর্ক্ষতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিন : গ্রীষ্মকালীন অলিম্পিকের আদলেই এশিয়ান গেমসের সপ্তাহ দুয়েক পর প্যারা এশিয়ান গেমস হয়। বাংলাদেশ এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করলেও প্যারা গেমসে ৬ ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে। 
বুধবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ১২জন এ্যাথলেটকে জার্সি ও ক্রীড়া সামগ্রী দেন।  দুই দিন আগেই শেষ হয়েছে এশিয়ান গেমস। সেই গেমসে বাংলাদেশ ২২ ডিসিপ্লিনে অংশগ্রহণ করলেও মাত্র একটি ব্রোঞ্জ পদক এসেছে। প্রত্যাশা ছিল ক্রিকেট নিয়ে। নারী ও পুরুষ ক্রিকেট দল চরম হতাশ করেছে। এশিয়ান গেমসের সময় আবার বাংলাদেশ পুরুষ ফুটবল দল ইন্দোনেশিয়ান আসিয়ান কাপে ভরাডুবি দেখেছে। খেলাধুলায় বাজে দিন যেতেই পারে, তবে শৃঙ্খলাভঙ্গ কিংবা খেলাকে গুরুত্ব না দেওয়ার মতো বড় অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’
প্যারা এশিয়ান গেমসে বাংলাদেশ আরচ্যারি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বৌচিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ এই গেমসের জন্য ৭০ দিনের অনুশীলন করেছে। এ্যাথলেটিক্সে চৈতী রাণী ও আরচ্যার ঝুমা আক্তারকে নিয়ে পদকের প্রত্যাশা রয়েছে। এ্যাথলেট মাত্র ১২ জন, শারীরিক প্রতিবন্ধকতা থাকায় এদের সহায়তা করতে আরও ৬-৭ জন যাচ্ছেন। প্রতি খেলায় কোচ একজন করে ৫জন। প্যারা অলিম্পিকের কয়েকজন কর্মকর্তার সাথে এনএসসি-মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলিয়ে মোট ৩২ জনের কন্টিনজেন্ট। 

প্রিন্ট

আরও সংবাদ