খুলনা | শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলায় নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:২৭ পি.এম | ০৮ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামী নাহিদ হাসান ও তার সহযোগি অমিত হাসান ওরফে শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেনের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানী শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া গ্রেপ্তারকৃত সন্ত্রাসী কিশোর গ্যাং নেতা নাহিদ হাসান (২৬) সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে এবং অমিত হাসান ওরফে শিপন (৩০) একই এলাকায় বসবাসকারি মো. হুমায়ুন কবিরের ছেলে। নাহিদ জাকারিয়া খান হত্যা মামলার এজাহার নামীয় এক নম্বার আসামী। শিপনের গ্রামের বাড়ি কালিগঞ্জের শুইলপুর গ্রামে।

মামলার তদন্তকাারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামী নাহিদ হাসানকে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর গ্রামে শিপনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথভাবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। এসময় হত্যাকারি নাহিদের আশ্রয়দাতা তার সহযোগি শিপনকেও গ্রেপ্তার করা হয়।

পরদিন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বৃস্পতিবার উভয়পক্ষের শুনানী শেষে বিচারক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ হাতে পাওয়ার পর তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করে। এসময় কলেজ ছাত্র জাকারিয়া খান তাকে বাঁচাতে এগিয়ে গেলে নাহিদের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়  জাকারিয়া খান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামী নাহিদ হাসান, তার সহযোগী অমিত হাসান শিপনকে মঙ্গলবার ভোরে কালিগঞ্জের শুইলপুর থেকে গ্রেপ্তার করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ