খুলনা | শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

গুপ্তচরবৃত্তির মামলায় সেই ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

খবর প্রতিবেদন |
০১:১৭ এ.এম | ০৯ অক্টোবর ২০২৬


বাংলাদেশে এসে গুপ্তচরবৃত্তি করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে অফিসিয়াল সিক্রেটস এ্যাক্টের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ নুর আলম। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আব্দুল মোমেন মিয়া রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫৪ ধারায় গ্রেফতার রবিউলকে দুই দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দাবি করে তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা করা হয়। গত ১ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে হাজির করে এ মামলায় মামলায় দশ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওইদিন রিমান্ড আবেদনে বলা হয়, আসামির জন্ম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার গোঁড়িবোজ গ্রামে। তাকে ডিএমপির একটি জিডির সূত্রে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে টিএফআই সেল-এর মাধ্যমে তাকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র পর্যালোচনায় পুলিশ দেখতে পায়, রবিউল ইসলামের কাছ থেকে উদ্ধার হওয়া পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখে অমিল রয়েছে। সে ভারতীয় নাগরিক হলেও তার পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ করা রয়েছে। 
আসামি জানায়, সে প্রায় ১০-১২ বছর ধরে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করছে। কখনও ট্যুরিস্ট আবার কখনও বিজনেস ভিসায় সে দেশে প্রবেশ করত। তবে মূলত পর্যটন ও ব্যবসায়ের আড়ালে সে গুপ্তচরবৃত্তি চালাত এবং বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত বলে জানা যায়।

প্রিন্ট

আরও সংবাদ