খুলনা | শুক্রবার | ০৯ অক্টোবর ২০২৬ | ২৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩২ এ.এম | ০৯ অক্টোবর ২০২৬


সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ অক্টোবর। এরপর ১৮ অক্টোবর নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে কার্যনির্বাহী পরিষদের কাছে আপত্তি দাখিল করা যাবে ১৯ অক্টোবর এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে ২৫ অক্টোবর সংশোধনপূর্বক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র সরবরাহ, ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক প্রার্থী তালিকার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আপত্তি দাখিলের জন্য ৪ ও ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ৯ এবং ১০ নভেম্বর আপত্তি নিষ্পত্তির পর ১৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। পরে ১৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার। ওইদিন  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র সরবরাহ, দাখিলসহ নির্বাচন-সংক্রান্ত সব কার্যক্রম নির্বাচন কমিশনের নির্ধারিত কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির এ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ