খুলনা | শনিবার | ১০ অক্টোবর ২০২৬ | ২৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ১৭ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের ৭ লাখ ৯০ হাজার টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৭ এ.এম | ১০ অক্টোবর ২০২৬


আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সাতক্ষীরার ১৭ জন সাংবাদিককে ৭ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির এ সহায়তার চেক শুক্রবার সকালে বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাতক্ষীরা জেলার যাচাই-বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপি’র সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং আসাদুজ্জামান আসাদ।
বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা দেশ ও জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের আর্থিক ও চিকিৎসাসংক্রান্ত সংকটে সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ তাঁদের দুর্দিনে সহায়ক ভূমিকা রাখবে। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় মোট ১৭ জন সাংবাদিকের হাতে ৭ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ