খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহবান রাহুলের, মোদিকে হুঁশিয়ারি

খবর প্রতিবেদন |
০৭:১২ পি.এম | ১০ অক্টোবর ২০২৬


ভারতের তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেছেন, যতসংখ্যক পুলিশ মোতায়েন বা যতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক না কেন, আন্দোলন থামানো যাবে না।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, “মি. মোদি, আপনার যা খুশি করুন। ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার—আপনার যত পুলিশ দরকার ডাকুন। সব নেতাকে গ্রেপ্তার করুন, সব তরুণকে গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।”

বার্তায় রাহুল গান্ধী বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। তাঁর দাবি, প্রতিপক্ষের রাজনৈতিক কৌশল ও মনোভাব তিনি খুব ভালোভাবেই বোঝেন।

রাহুল বলেন, “এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা করেন কংগ্রেস নেতা।

তিনি দাবি করেন, এই নেতারা ক্রমেই নিজেদের রাজনৈতিক পরিসর সংকুচিত হতে দেখছেন। রাহুলের ভাষায়, “এই গল্পের খলনায়কেরা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তাঁদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।”

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চলছে। কর্মসূচি ঘিরে পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এবং একাধিক বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতাকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর বক্তব্য আন্দোলনকারীদের প্রতি সমর্থন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক অবস্থানের আরও কঠোর প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

তবে রাহুলের বক্তব্যে উল্লেখ করা অভিযোগগুলো তাঁর রাজনৈতিক মূল্যায়ন ও দাবি।
সূত্র: বিবিসি নিউজ

প্রিন্ট

আরও সংবাদ