খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদলের রিফ্রেশার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৮ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ প্রশিক্ষণের আয়োজন করে।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মীবৃন্দ মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি এ্যাক্টিভিস্টদের ভূমিকা, কাউন্টার ট্রাফিকিং কমিটি সম্পর্কিত তথ্য, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, কার্যকর নেতৃত্ব, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন এবং ভিকটিম সাপোর্ট নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করেন। এছাড়া দলীয় আলোচনার মাধ্যমে কাজের ধারাবাহিকতা রক্ষায় ‘সাসটেইনেবিলিটি প্ল্যান’ ও সুনির্দিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সহায়ক হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণটি পরিচালনা করেন সক্রিয় কর্মী সালমা আক্তার। তাকে সহযোগিতা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, এড. এস এম সোহরাব হোসেন বাবলু এবং কাউন্সিলর সুমাইয়া নাজনীন। দিনব্যাপী কার্যক্রমের পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মী দলের সভাপতি শাফিরুল ইসলাম।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে মানব পাচার প্রতিরোধ ও ভিকটিম সহায়তায় সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
 

প্রিন্ট

আরও সংবাদ