খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই, আজ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

খবর প্রতিবেদন |
০২:১৩ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু আর নেই। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আমির খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
আমির খসরু দৈনিক ইত্তেফাক-এর কূটনৈতিক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। আজকের বুধবার নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখতেন।
আমির খসরু ছিলেন ওভারসিজ করেসপনডেন্টস এ্যাসোসিয়েশনের (ওকাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আমির খসরুর মৃত্যুতে পৃথকভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রিন্ট

আরও সংবাদ