খুলনা | রবিবার | ১১ অক্টোবর ২০২৬ | ২৫ আশ্বিন ১৪৩৩

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

নগরীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার নেই

নিজস্ব প্রতিবেদক |
০২:১৭ এ.এম | ১১ অক্টোবর ২০২৬


স¤প্রতি নগরীতে পুলিশের এক ইন্সপেক্টরের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ। ইতোমধ্যে শুক্রবার রাতে পুলিশকে একা চলাচল না করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই ঘটনার পর পুলিশের ভেতর নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুলিশের মাঠ পর্যায়ের কর্মীরা। এদিকে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই বাদী হয়ে অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা : সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার প্রেরিত এ নির্দেশনাপত্রে উল্লেখ করা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্যান্য দায়িত্ব পালনকালে রাতে কোনো ভাবেই যেন সদস্যরা একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিট প্রধানদের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস এবং কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে। 
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ওই অনাকাক্সিক্ষত ঘটনার পরই মূলত জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিরাপত্তা বিবেচনায় রাতের বেলায় একা চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডের খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। গুরুতর আহত পুলিশ পরিদর্শককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন রিপন বলেন, পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এক এসআই বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে মামলা দায়ের করেন। এতে তিনি অজ্ঞাতনামা তিন ব্যক্তিকে আসামি করেছেন। আসামি গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, পুলিশ কর্মকর্তারা নতুন করে যেন এ ধরনের হামলার শিকার না হন এ জন্য একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত।
অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এ্যান্ড অপারেশনস (ভারপ্রাপ্ত) এম এম শাকিলুজ্জামান বলেন, সমস্ত পুলিশের নিরাপত্তার কথা বিবেচনা করা হচ্ছে। এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি।

প্রিন্ট

আরও সংবাদ