খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

আশাশুনিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, কাঠমিস্ত্রি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪২ এ.এম | ১২ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার সংলগ্ন এলাকায় রবিউল ইসলামের মালিকানাধীন একটি ফার্নিচারের গোডাউনে এ ঘটনা ঘটে।
গ্রেফতার রবিউল ইসলাম (৬৫) আশাশুনি উপজেলার কুনলা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের বাসিন্দা। তিনি ফার্নিচার ব্যবসার পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করেন। প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান, শনিবার সকালে তিনি পাশের একটি চাতালে কাজ করছিলেন। এ সময় তিনি দেখতে পান, রবিউল গোডাউনের বাইরে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে রেখে দ্রুত গোডাউন বন্ধ করে চলে যাওয়ার চেষ্টা করছেন।
হামিদা খাতুন বলেন, বিষয়টি দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির চেতনা ফিরলে সে তাঁর কাছে ঘটনার বিবরণ দেয়। এরপর তিনি শিশুটিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়ে তার স্বজনদের বিষয়টি জানান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা বিকেলে অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখেন। খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আনজীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। 
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত রবিউলকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ