খুলনা | সোমবার | ১২ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই

খবর বিনোদন |
১২:৫৬ এ.এম | ১২ অক্টোবর ২০২৬


বাংলা ও উর্দু চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।
নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান। তিনি জানান, নাসিমা খান শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেত্রী। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
সনি রহমান বলেন, সর্বশেষ শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন নাসিমা খান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তিনি চিকিৎসাধীন ছিলেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন নাসিমা খান। এ অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন সেখানে মৃত্যু হয় তার।
ষাটের দশকের জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে যুক্ত এক অভিনেত্রীর অধ্যায়েরও অবসান হলো। আর গুণী এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এ সিনেমার মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে নিজের প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। পর্দায় তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘কুসুম কুসুম প্রেম’-এ।
নাসিমা খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। সিনেমাগুলো বিভিন্ন সময়ে আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী।

প্রিন্ট

আরও সংবাদ