খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

ঝরল আরও ২ প্রাণ, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১১৬৪

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ১২ অক্টোবর ২০২৬


সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ১৬৪ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৪২১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ২ জন মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ৬ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রিন্ট

আরও সংবাদ