খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

খবর প্রতিবেদন |
১১:৩৭ পি.এম | ১২ অক্টোবর ২০২৬


ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে উদ্ভূত এই পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

এর আগে, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০মিনিটে ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশি নিহত, অন্তত ২০ জন আহত ও কয়েকজন নিখোঁজের ঘটনা ঘটেছিল।

প্রিন্ট

আরও সংবাদ