খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

খুবিতে বৈজ্ঞানিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি বাড়াতে ‘স্টুডেন্টস রেজিস্টার্ড ফর সায়েন্টিফিক কম্পিটিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের নিবন্ধিত শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশে সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ইনোভেশন হাব, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার এবং ইনোভেশন হাব (আইসিটি)-এর মাধ্যমে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশে নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের উদ্ভাবনী চিন্তাশক্তির বিকাশ ঘটাতে হবে এবং চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় উদ্ভাবন খুঁজে বের করা, সেগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উদ্ভাবকদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন উপাচার্য।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান বলেন, তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের খুঁজে বের করে তাদের মেধা বিকাশের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক বিশ্বে উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি বিজ্ঞান ও প্রযুক্তি। তথ্যপ্রযুক্তিতে যে দেশ যত বেশি উন্নত, সে দেশ তত বেশি এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তাই তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে বিকশিত করতে হবে।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং এন্ট্রাপ্রেনিউরশিপ এক্সপার্ট সুমন সাহা। 
কর্মশালায় বৈজ্ঞানিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ