খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

রিয়াদে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দেশে ফিরছেন আটকা পড়ারা

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬

 

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন বাংলাদেশি নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। আহত বাংলাদেশিদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিমানবন্দরটির কার্যক্রম সাময়িক স্থগিত হওয়ায় সেখানে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের অন্য বিমানবন্দর হয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত হন, আহত হন ৩০৯ জন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। যার মধ্যে একজন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ। তিনি সৌদি আরবের জেদ্দায় সা দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানিতে কর্মরত ছিলেন। দেশে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার জন্য তিনি বিমানবন্দরে ট্রানজিট ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। অপরজন মো. নাসরুল্লাহ বদরপুরি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ট্রানজিটে রিয়াদ থেকে জেদ্দায় যাওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে আহত ২৭ বাংলাদেশির মধ্যে ১১ জন সৌদিপ্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ যাত্রী। এর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন বাকি ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রিয়াদ ন্যাশনাল গার্ড হাসপাতালে আইসিইউতে থাকা নওগাঁর সাফফাত রহমানের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মুখমÐল ঝলসে গেছে। অন্যদিকে রিয়াদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকার লালবাগের মো. সাইদুল ইসলাম সৌরভের বাম পা কেটে ফেলতে হয়েছে।

হামলার পর রিয়াদ বিমানবন্দরে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা পড়েন। এর মধ্যে ১৭ জনকে ম্যারিয়ট হোটেল, ২৫ জনকে রেডিসন ব্লু এবং ৪০ জনকে রিয়াদস্থ প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সরিয়ে নেওয়া হয়েছে। রিয়াদ থেকে ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইন্সের বাতিল হওয়া এসভি৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তায় দাম্মামস্থ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে। পাসপোর্ট হারিয়ে ফেলা ৩ জন বাংলাদেশির অনুক‚লে জরুরি ট্রাভেল পারমিট ইস্যু করেছে দূতাবাস।

এদিকে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এর ফলে বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে রিয়াদে কর্মী আগমন এবং রিয়াদ থেকে দেশে সাধারণ কর্মী, অসুস্থ ব্যক্তি ও মৃতদেহ প্রেরণ বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছে দূতাবাস।

প্রিন্ট

আরও সংবাদ