খুলনা | মঙ্গলবার | ১৩ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর স্বামীর মৃত্যু, একসাথে জানাজা-দাফন

নড়াইল প্রতিনিধি |
০২:২০ এ.এম | ১৩ অক্টোবর ২০২৬


ঘরে পড়ে আছে স্ত্রীর নিথর দেহ। সেই শোক বুকে নিয়েই ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন স্বামী। কিন্তু কে জানত, স্ত্রীর মৃত্যুর মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তিনিও পাড়ি জমাবেন না ফেরার দেশে!
নড়াইল সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামে স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। তাঁদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে এবং পরে দাফন সম্পন্ন করা হয়েছে রোববার। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। মৃত দম্পতি হলেন রোমান মোল্লা (৬০) ও তাঁর স্ত্রী।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, রোমান মোল্লার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) ভুগছিলেন। মাঝে মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীর সেবা-যতœ করে তাঁর সঙ্গে জীবন কাটাচ্ছিলেন রোমান মোল্লা। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতেই মারা যান তাঁর স্ত্রী। স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্লা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। নামাজ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। উপস্থিত মুসল্লিরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। স্ত্রীর মৃত্যুর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনিও মারা যান।
একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। রোববার জোহরের নামাজের পর তাঁদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তাঁদের ছেলে জসিম কুয়েত থেকে দেশে ফেরার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর শোকের মধ্যেই কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নেন রোমান মোল্লাও। স্বামী-স্ত্রীর একসঙ্গে জানাজা ও দাফনের ঘটনায় শোকাহত পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নেমে আসে গভীর শোক।

প্রিন্ট

আরও সংবাদ