খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

সোবহানা-জ্যোতির বড় লাফ, আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২২ পি.এম | ১৩ অক্টোবর ২০২৬

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাট হাতে ইতিহাস গড়েছেন সোবহানা মোস্তারি। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে তাঁর রেকর্ড সেঞ্চুরির সুফল মিলেছে আইসিসির র‍্যাঙ্কিংয়েও। নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক লাফে ১১ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। সমান উন্নতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ৩৫তম স্থানে উঠেছেন সোবহানা। আগের অবস্থান থেকে ১১ ধাপ এগিয়েছেন তিনি। একইভাবে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছেন জ্যোতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো ব্যাটিংয়ের সুবাদে এই উন্নতি হয়েছে তাঁদের।

গত রোববার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক ইনিংস খেলেন সোবহানা। ১৩৪ বলে ১৮ চারে করেন ১১৮ রান। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির কীর্তিও গড়েন তিনি।

সেদিন মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক জ্যোতিকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন সোবহানা। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ১৯৫ রান। নারী ওয়ানডেতে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েন তাঁরা।

সোবহানার সেঞ্চুরির পাশাপাশি ৭৪ রানে অপরাজিত ছিলেন জ্যোতি। তাঁদের ব্যাটিংয়ে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে জর্জিয়া ভলের অপরাজিত ১৩১ রানের ইনিংসে মাত্র ২৮ দশমিক ১ ওভারে লক্ষ্য পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

দলের পরাজয়ের মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের দুই ব্যাটার। র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদনে তাঁদের উন্নতির কথা বিশেষভাবে উল্লেখ করেছে আইসিসিও।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কয়েকজনের। দুই ধাপ এগিয়ে নারী ওয়ানডে ব্যাটারদের সেরা দশে ফিরেছেন এলিস পেরি। আট ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠেছেন দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা জর্জিয়া ভল। আর তিন ধাপ এগিয়ে ১৭তম স্থানে জায়গা করে নিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

বোলারদের তালিকাতেও উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন সাদারল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে চার উইকেট নেওয়া মেগান শাট দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে।

আগামী বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে ভালো পারফরম্যান্স দিয়ে সফর শেষ করার সুযোগ রয়েছে জ্যোতিদের সামনে।

প্রিন্ট

আরও সংবাদ