খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

খুলনার সাবেক কাউন্সিলর টিপুর ভাইয়ের বাড়ি থেকে গুলি উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক |
০১:১৩ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬

 

খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ১৪১ পিস টু-টু বোরের ও ১৩ পিস শর্টগানের গুলিসহ তার বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন উত্তর পাড়ায় টিপুর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে ১৪১ পিস টু-টু বোরের ও ১৩ পিস শর্টগানের গুলিসহ নিহত সাবেক কাউন্সিলরের বড় ভাইকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আটক গোলাম রসুল নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বড় ভাই। তিনি খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারে গুলিতে নিহত হন খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৪৬)।

তিনি নগরীর দৌলতপুর উত্তর পাড়া এলাকার মো. গোলাম আকবরের ছেলে। ওইদিন রাত ৯টার দিকে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সিগালের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

গোলাম রব্বানী টিপু সর্বশেষ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের অন্যান্য সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে তাকেও অপসারণ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ