খুলনা | বুধবার | ১৪ অক্টোবর ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩

জমিজমা সংক্রান্ত বিরোধের জের

শ্যামনগরে প্রতিপক্ষের হামলা আহত মোজাম মিস্ত্রি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫২ এ.এম | ১৪ অক্টোবর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে জমি জমা সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় আহত মোজাম মিস্ত্রি মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান। নিহত মোজার মিস্ত্রি শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা। 
ছেলে তোজাম জানান, তার বাবা মোজাম মিস্ত্রির সাথে স্থানীয় ইগ্রাফিল মিস্ত্রির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় তার পিতা প্রতি দিনের ন্যায় শ্যামনগর থেকে গৌরিপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপালপুর ব্রিজের ওপর পৌঁছালে পূর্ব বিরোধের ধরে প্রতিপক্ষ গৌরিপুরের ইগ্রাফিল মিস্ত্রির ছেলে বিজয়, ওমর মিস্ত্রির ছেলে আবুজার, হাসেম মিস্ত্রির ছেলে সাগরসহ ৭/৮ জন তার বাবাকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে এবং লাঠি ও রড দিয়ে পিটিয়ে  মারাত্মক জখম করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে খালে ফেলে রেখে চলে যায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। 
স্থানীয়রা জানান, ইস্রাফিল মিস্ত্রি একজন আওয়ামী লীগ নেতা হওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করলে সন্ধানদাতা সন্দেহে তার বাবা মোজাম মিস্ত্রির ওপর এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ শফিউল ইসলাম পাটোয়ারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

প্রিন্ট

আরও সংবাদ