খুলনা | বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর খুলনা সফর ৫ নভেম্বর : জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৮ এ.এম | ১৫ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ নভেম্বর খুলনা সফর করবেন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই মূলত তাঁর এই খুলনা সফর নির্ধারিত হয়েছে। এই সফরকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
বুধবার দুপুরে মাঠ পরিদর্শনকালে তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্টেডিয়াম পরিদর্শন শেষে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনার ঐতিহাসিক জেলা স্টেডিয়ামসহ পুরো শহরকে উৎসবমুখর ও প্রস্তুত করতে হবে। এই সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ খুলনা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও দলের যৌথ প্রস্তুতি ফলপ্রসূ হবে।

প্রিন্ট

আরও সংবাদ