খুলনা | শুক্রবার | ১৬ অক্টোবর ২০২৬ | ৩০ আশ্বিন ১৪৩৩

২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

সারাদেশ ৩৩ হাজার ৮৫১ মন্দির-মন্ডপে হবে দুর্গাপূজা

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ১৬ অক্টোবর ২০২৬


দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটির ব্যবস্থা করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি মন্দির-মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্গাপূজার মন্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃত্বকে সম্পৃক্ত করা। এছাড়া মন্ডপগুলোতে দিন-রাত সার্বক্ষণিক নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারার ব্যবস্থা করতে বলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ আট দফা দাবি তুলে ধরা হয়।
পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজা ও দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর পূজা অনুষ্ঠিত হবে। বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আয়োজন শেষ হবে।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি থাকছে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত রয়েছে। এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন : শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আট দিন তাঁরা পূজামন্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে। বৃহস্পতিবার এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রাজধানীর খিলগাঁওয়ে আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে মহাপরিচালক বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিু হবে বলে তাঁরা প্রত্যাশা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে আনসার-ভিডিপির সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এদিকে আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামন্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মন্ডপে প্রতিটিতে আটজন করে এবং গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি ও সাধারণ ১৪ হাজার ৪৭০টি মন্ডপে প্রতিটিতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রম তদারকি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে। অ্যাপটির তিনটি অংশ-এন্ড-ইউজার, রেসপন্ডার ও ওভারসাইট প্যানেল। পূজামন্ডপে দায়িত্ব পালনকারী ভিডিপি সদস্যরা তথ্য সরবরাহ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন জরুরি পরিস্থিতিতে সমন্বিত ব্যবস্থা নেবে। আর ওভারসাইট প্যানেলের মাধ্যমে সার্বিক কার্যক্রম তদারকি, ঘটনা ও দুর্ঘটনা মোকাবিলা এবং গুজব প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ