খুলনা | শনিবার | ১৭ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

পরীক্ষা আয়োজনের সক্ষমতা বাড়বে কমবে কেন্দ্র সংকট : হুইপ বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ১৭ অক্টোবর ২০২৬


খুলনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার। এর ফলে খুলনা অঞ্চলে সরকারি নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা স¤প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন ভবনটি ছোট পরিসরের পরীক্ষা আয়োজনের পাশাপাশি বড় পরীক্ষার কেন্দ্রসংকট কমাতেও ভ‚মিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সরকারি কর্ম কমিশনের সচিব মোঃ ফজলুর রহমান যৌথভাবে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে হুইপ বকুল বলেন, সরকারি কর্ম কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ সরকারি নিয়োগপ্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষার আয়োজনের সক্ষমতা বাড়লে চাকরি প্রার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা আরও সহজ হবে। একই সঙ্গে বড় পরিসরের নিয়োগ পরীক্ষায় উপযুক্ত কেন্দ্রের সংকট মোকাবিলায় এ ধরনের অবকাঠামো সহায়ক ভ‚মিকা রাখতে পারে।
তিনি বলেন, খুলনা একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ অঞ্চলে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী সরকারি নিয়োগ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার আয়োজন, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে আঞ্চলিক কার্যালয়ের ভ‚মিকা বাড়লে পরীক্ষার্থীদের জন্য সুবিধা সৃষ্টি হবে। নতুন ভবনটি সেই প্রয়োজন পূরণে কার্যকর অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
হুইপ বকুল আরও বলেন, সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পিএসসির আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম স¤প্রসারণের মাধ্যমে এসব ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।
অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের সচিব মোঃ ফজলুর রহমান বলেন, দেশের সাতটি বিভাগীয় শহরে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে খুলনাসহ দু’টি আঞ্চলিক কার্যালয় চালু হয়েছে। এর মাধ্যমে কমিশনের কার্যক্রমকে বিভাগীয় পর্যায়ে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হচ্ছে। 
তিনি জানান, নতুন ভবনে ছোট পরিসরের পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। পাশাপাশি বড় পরীক্ষার সময় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থী বণ্টন এবং উপযুক্ত কেন্দ্রের সংকট মোকাবিলায় এ কার্যালয় সহায়তা করতে পারবে। আঞ্চলিক পর্যায়ে অবকাঠামো গড়ে তোলার ফলে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত, সরকারি কর্ম কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ