খুলনা | রবিবার | ১৮ অক্টোবর ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩

কাকের মতো ঠোকর দিয়ে নামাজ পড়বেন না: বায়তুল্লাহর ইমাম

খবর প্রতিবেদন |
০২:৪৩ পি.এম | ১৭ অক্টোবর ২০২৬


পবিত্র মসজিদুল হারামে শুক্রবারের (১৬ অক্টোবর) খুতবায় নামাজের গুরুত্ব ও যথাসময়ে তা আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল-জুহানি। তিনি বলেছেন, নামাজ দীনের স্তম্ভ এবং মানুষের অন্যান্য আমল মূল্যায়নের অন্যতম মাপকাঠি। নামাজ সঠিকভাবে আদায় করা হলে অন্যান্য আমলও সঠিক হওয়ার আশা করা যায়। পক্ষান্তরে নামাজে অবহেলা করলে অন্যান্য আমলেও ত্রুটি দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

খুতবায় শায়খ জুহানি দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, নামাজের হেফাজত করা মানে দীনের হেফাজত করা। তাই প্রত্যেক মুসলমানের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া এবং যথাযথ নিয়মে তা আদায় করা।

তিনি বলেন, নামাজ আদায়ের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। কাকের মতো ঠোকর দিয়ে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। নামাজের প্রাণ হলো ধীরস্থিরতা ও একাগ্রতা। তাই প্রতিটি রুকন যথাযথভাবে আদায় করার পাশাপাশি আল্লাহর সামনে বিনয়, মনোযোগ ও আন্তরিকতা বজায় রাখা জরুরি।

শায়খ জুহানি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, সভা-সমাবেশ কিংবা কোনো অনুষ্ঠান—কোনোটিই নামাজ নির্ধারিত সময় থেকে পিছিয়ে দেওয়ার অজুহাত হতে পারে না। এমনকি যুদ্ধের ময়দান কিংবা গুরুতর অসুস্থতার মতো পরিস্থিতিতেও সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করতে হবে। পরিস্থিতি যেমনই হোক, নামাজের দায়িত্ব পালনে অবহেলা করা উচিত নয়।

খুতবায় তিনি মুসলমানদের নামাজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নামাজের গুরুত্ব অনুধাবন করা এবং তা যথাযথভাবে আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

দ্বিতীয় খুতবায় শায়খ জুহানি সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার নিন্দা জানান। এ সময় পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৫৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানান তিনি।

খুতবায় সৌদি আরবের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ এবং দেশটির যুবরাজের জন্যও দোয়া করা হয়। 
সূত্র: দ্য গেট টু হারামাইন

প্রিন্ট

আরও সংবাদ