খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ পি.এম | ১৮ অক্টোবর ২০২৬

 

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া মোড় এলাকায় শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবককে গুলি করে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা তিন দুর্বৃত্তের মধ্যে একজনের ছোড়া গুলি বিশালের বাঁ ঊরুতে লাগে।

আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার লুৎফর শেখের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সময় বিশাল আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাঁ ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনরা বিশালকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০নং ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ