খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

পূর্ব রূপসায় বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক |
১২:২৫ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


পূর্ব রূপসার বাগমারা বাজার বণিক সমিতি (রেজিঃ-১৯৭৮) ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা আজ (সোমবার)। নির্বাচনকে ঘিরে ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। অভিযোগ উঠেছে, নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। নিয়মিত ধর্না ধরছেন রাজনৈতিক নেতাদের কাছে। এতে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। গঠনতন্ত্র অনুযায়ী ভোটার হতে না পারায় একটি পক্ষের শীর্ষপদে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন তিনি। 
সরেজমিনে জানা গেছে, রূপসার বাগমারা বাজার বণিক সমিতি (রেজিঃ-১৯৭৮) ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল আজ ঘোষণা করার কথা রয়েছে। সমিতির সদস্য সংখ্যা ২৬৭ জন। মোট তেরটি পদে নির্বাচন হবে। আগামী ৬ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দাপ্তরিক সূত্র নিশ্চিত করেছেন। যথাসময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি সভার মাধ্যমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 
কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা তারেক ইকবাল আজিজকে প্রধান নির্বাচন কমিশন এবং সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী ও রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সদ্য বিলুপ্ত বাগমারা বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটিতে হাফেজ মাওলানা আরাফাত হোসেন লিমন সভাপতি ও মোঃ নাজমুল হুসেইন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 
বাগমারা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হাফেজ মাওলানা আরাফাত হোসেন লিমন বলেন, বাজার বাণিক সমিতির সম্মানিত সদস্যরা এখন নির্বাচনমুখী। আগামী ৬ নভেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ ধার্য্য করেছেন। 
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ সদস্যদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যোগ্যতার মাপকাঠিতে নেতা নির্বাচিত হোক এটাই তিনি প্রত্যাশা করেছেন। 
বাগমারা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুসেইন বলেন, আজ সোমবার তফসীল ঘোষণা হওয়ার কথা রয়েছে। ভোটাররা এখন নির্বাচনমুখী। গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হবে। তবে একটি পক্ষ গঠনতন্ত্র না মেনে গায়ের জোরে ভোটার হতে চায়। নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে তিনি গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাজনৈতিক নেতাদের দিয়ে হস্তাক্ষেপ করা হ্েচ্ছ। 
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালে ১৩ সেপ্টেম্বর বাগমারা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ