খুলনা | সোমবার | ১৯ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৬ এ.এম | ১৯ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পূজা আজ সোমবার। দিনের শুরুতেই কুমারী পূজা, যেখানে দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। মনে করা হয়, তিনি শিবপত্নী। এই রীতির মাধ্যমে দেবীর আশির্বাদ ভক্তদের ওপর বেশি করে বর্ষিত হয়। পূজার ৫ দিনের মধ্যে এই দিনটিকেই সব থেকে পবিত্র বলে ধরা হয়। সেই কারণে প্রায় প্রত্যেকেই মন্দিরে গিয়ে ভক্তবৃন্দ পুষ্পাঞ্জলি প্রদান করেন। আজ সমস্ত দিন পূজার মধ্য দিয়ে যাবে। উলে­খ্য, কুমারী পূজা সব মন্দিরে হয় না। এ পূজা শুধুমাত্র রামকৃষ্ণ মিশন অনুসারী ভক্তরা কিছু কিছু মন্দিরে করে থাকেন।
গতকাল রোববার ছিল শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। সকাল ৮টায় সকল মন্দিরে নব পত্রিকা স্থাপন ও সপ্তমী বিহীত পূজা সম্পাদন হয়। সন্ধ্যায় শঙ্খ ধ্বনি, উলুর ধ্বনি ও ঢাকের তালে তালে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সকল মন্দিরে দর্শকদের সমাগম ঘটে।
বাগমারা তেঁতুলতলা মন্দিরে এবার সোনালী ধানের আবরনে প্রতিমা তৈরি করা হয়েছে। এই প্রতিমা নির্মাণ করতে শিল্পীরা ১ লক্ষ ৬০ হাজার পারিশ্রমিক নিয়েছে। এই সোনালী ধানের প্রতিমা দর্শনের জন্য উক্ত মন্দিরে দর্শনার্থী ভক্তবৃন্দের প্রচুর সমাগম ঘটেছে। তেঁতুলতলা মন্দিরের পাশে বাড়ি নারায়ণ চন্দ্র মন্ডল এ প্রতিবেদককে বলেন, এবার নতুন আঙ্গিকে সোনালী ধানের আবরণে দেবী দুর্গাকে সাজানো হয়েছে এবং প্রচুর ভক্তবৃন্দ এখানে মাকে দর্শন করতে আসছেন।  
ইতোমধ্যে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যেই মন্দির পরিদর্শন করেছেন। আগামীকাল মঙ্গলবার মহানবমী পূজা এবং বুধবার দশমী পূজা শেষে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় শ্রীশ্রীদুর্গা পূজা।

প্রিন্ট

আরও সংবাদ